নামাজের বৈঠকে কখন শাহাদাত আঙুল ইশারা করবেন?

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

2026-10-29T20:05:18+06:00
2026-10-29T20:05:18+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
নামাজের বৈঠকে কখন শাহাদাত আঙুল ইশারা করবেন?
ধর্ম ডেস্ক
⏲ ৮:০৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নামাজের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বৈঠক, যেখানে মুসল্লি তাশাহুদ বা আত্তাহিয়্যাতু পাঠ করেন। এ সময় শাহাদাত আঙুল দিয়ে ইশারা করা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে তাশাহুদ পাঠের কোন পর্যায়ে আঙুল উঠাতে হবে, কখন নিচু করতে হবে এবং আঙুলের ইশারা কতক্ষণ ধরে রাখতে হবে, তা নিয়ে মুসল্লিদের মধ্যে জানার আগ্রহ দেখা যায়। নামাজের এ আমলটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর সঙ্গে সম্পর্কিত। তাই এ বিষয়ে হাদিসে বর্ণিত নির্দেশনা ও আলেমদের ব্যাখ্যা জানা প্রয়োজন, যাতে নামাজের বৈঠকে যথাযথভাবে এ আমল পালন করা যায়।

হাদিস শরিফে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) যখন নামাজে বসতেন, তখন তাঁর দুই হাত দুই হাঁটুর ওপর রাখতেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলটি উঠিয়ে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর ওপর ছড়িয়ে রাখতেন। (সহিহ মুসলিম: ৫৮০)

হজরত আমের আবদুল্লাহ ইবনে জুবায়ের তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) যখন তাশাহুদের জন্য বসতেন, তখন ডান হাত ডান উরুর ওপর এবং বাঁ হাত বাঁ ঊরুর ওপর রাখতেন। তিনি শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। এ সময় বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সঙ্গে যুক্ত করতেন এবং বাঁ হাতের তালু বাঁ হাঁটুর ওপর রাখতেন। (সহিহ মুসলিম: ১৩৩৬, সহিহ ইবনে হিব্বান: ৫/২৭০)

সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে কি অজু ভেঙে যায়?
অন্য এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) যখন তাশাহুদের জন্য বসতেন, তখন বাঁ হাত বাঁ হাঁটুর ওপর এবং ডান হাত ডান হাঁটুর ওপর রাখতেন। এরপর হাতের তালু ও আঙুলগুলো গুটিয়ে আরবি ৫৩ সংখ্যার মতো করে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। (সহিহ মুসলিম: ১৩৩৮)

তাহলে নামাজের বৈঠকে কখন শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতে হবে?
এ বিষয়ে জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমিনবাজার, ঢাকার প্রধান মুফতি মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি কালবেলাকে বলেন, নামাজি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহিদের সাক্ষ্য দেন, তখন তার আঙুলও সেই সাক্ষ্য দেবে। এ জন্য আত্তাহিয়্যাতু বা তাশাহুদ পড়তে পড়তে ‘আশহাদু আল্লা ইলাহা’ পর্যন্ত পৌঁছালে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে গোলাকার আকৃতি তৈরি করবেন এবং শাহাদাত আঙুল দিয়ে ইশারা করবেন। এ সময় কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদাত আঙুল নিচু করবেন। তবে অন্য আঙুলগুলো নামাজের শেষ পর্যন্ত একই অবস্থায় থাকবে।

তাশাহুদের আরবি, উচ্চারণ ও অর্থ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত