বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন বহুদিনের। এত দিন সরাসরি স্বীকার না করলেও নানা সময়ে তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন দুজনেই। এবার শিখরের সঙ্গে প্রেমের কথা স্পষ্টভাবেই স্বীকার করলেন জাহ্নবী। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন জাহ্নবী। শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কি না, করণের এমন প্রশ্নে কোনো রাখঢাক না করেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, করছি।’
তবে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কথা বলতে চান না জাহ্নবী। তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’
শিখরকে নিজের জীবনের শেষ ঠিকানা বলেও মনে করেন জাহ্নবী। প্রেমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তার মা শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিলেন। সে সময় একটি সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি তিনি। জাহ্নবীর কাছাকাছি থাকতে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন, যাতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকতে পারেন।
প্রেমের সম্পর্কের কথা স্বীকার করায় স্বাভাবিকভাবেই সামনে এসেছে বিয়ের প্রসঙ্গ। তবে এ বিষয়ে জাহ্নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তাদের। অভিনেত্রীর কথায়, ‘আপাতত আমরা বেশ ভালো আছি।’
এদিকে অভিনয়ে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে অভিনীত সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। সিনেমায় জাহ্নবীর উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে। তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপনের অভিযোগ ঘিরে তৈরি হয় বিতর্ক।
বর্তমানে জাহ্নবীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’ এবং নাম চূড়ান্ত না হওয়া আরও একটি সিনেমা। সব মিলিয়ে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
জ/শা