নেত্রকোণায় ভূমিদস্যুতা ও চাঁদাবাজির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-29T18:31:42+06:00
2026-10-29T18:31:42+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় ভূমিদস্যুতা ও চাঁদাবাজির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৬:৩১ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় ১৯৯২ সালে কেনা জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিরিনা তালুকদার নামে এক নারী। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শিরিনা তালুকদার চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী প্রয়াত আ. রাজ্জাক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁদের কেনা জমি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় তাঁর মেয়ের জামাতা ইকবাল হোসেন তালুকদার রাসেলকে ভূমিদস্যু ও চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে মানববন্ধন ও সংবাদ প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে শিরিনা তালুকদার জানান, ১৯৯২ সালে চল্লিশা মৌজার বিএআরএস ১৪৩ নম্বর দাগে তাঁরা ১৭ শতক জমি কেনেন। দীর্ঘদিন ধরে জমিটি তাঁদের ভোগদখলে রয়েছে। তবে একটি পক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।

তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে জমি নিয়ে চাপ সৃষ্টি করেন। পরে ৩ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যে তাঁর বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করা হয়। এ সময় জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে হলে এককালীন ১৫ লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। টাকা না দিলে জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

শিরিনা তালুকদার আরও জানান, এসব ঘটনার পর তিনি নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেন এবং আদালতের শরণাপন্ন হন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন। এরপরও গত ১৯ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা তাঁর জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করেন এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিরিনা তালুকদার জমি দখলের চেষ্টা বন্ধ, নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, শিরিনা তালুকদারের মেয়ের জামাতা ইকবাল হোসেন তালুকদার রাসেল বলেন, তাঁর প্রয়াত শ্বশুরের সম্পত্তি দেখাশোনা করার কারণে তাঁকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি অসত্য তথ্য দিয়ে তাঁর ও শাশুড়ির পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইকবাল হোসেন তালুকদার রাসেল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত