জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে।
গত মঙ্গলবার প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে লেক কারিবায় সরকারি পরিচালিত ওই যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
জ/উ