রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিধিকার সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। আজ শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো: এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী।