জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহদী আমিন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-28T16:47:22+06:00
2026-11-28T16:47:22+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহদী আমিন
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৪৭ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি কলেজ অধ্যক্ষদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই স্মৃতিচারণ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও ম্যানিফেস্টো বাস্তবায়ন নিয়ে আলোচনার সময় তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এই বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে প্রয়োজনীয় সংস্কার করা গেলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।

প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক থেকে টারশিয়ারি পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা প্রধানমন্ত্রীর রয়েছে, তা বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বড় প্রক্রিয়া ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক মানদণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ তার প্রতিফলন দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পার্শ্ববর্তী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান।

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর অন্যতম কারণ ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে রাষ্ট্রকাঠামো ভেঙে পড়া এবং শিক্ষাব্যবস্থার ক্ষতিগ্রস্ত হওয়া। তাঁর অভিযোগ, সেই সময়ে সবচেয়ে বড় আঘাত এসেছে দেশনেত্রীর আবেগের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।

গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন মাহদী আমিন। তিনি বলেন, তৃতীয় ভাষা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিলস, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো প্রশংসার দাবিদার। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হবে।

তিনি বলেন, প্রথম লক্ষ্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকবে। দ্বিতীয় লক্ষ্য হলো তাদের এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে তারা আগামী বাংলাদেশে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে কলেজ অধ্যক্ষদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা প্রণয়ন করলেই হবে না। মাঠপর্যায়ে এসব নীতি কতটা কার্যকর হচ্ছে, তা অনেকাংশে নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষদের নেতৃত্বের ওপর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, এমন অনেক কলেজ রয়েছে, যেগুলো কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় ব্র্যান্ড ও অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। আবার এমন কলেজও আছে, যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না। কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা এই বৈষম্য দূর করতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একই ধরনের গুণগত মান নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার অত্যন্ত হতাশাজনক বলেও মন্তব্য করেন মাহদী আমিন।

অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করা গেলে গুণগত মান এবং শিক্ষক-শিক্ষার্থীদের কার্যক্রমে সামঞ্জস্য তৈরি হবে। এর মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএনপি সরকারের কাছে সবসময় বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। যে ইনডোর স্টেডিয়ামে আজকের সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।

সরকারের পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রকৃত মেধার মূল্যায়ন হবে। প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্র সহযোগিতা করবে।

বর্তমান সরকারের জনসমর্থন ও অঙ্গীকারের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি সরকারের প্রতিনিধিত্ব করছেন তাঁরা, যার শক্তির একমাত্র উৎস জনগণ। জনগণের বিপুল ম্যান্ডেট ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত এই সরকারের মাধ্যমে দেশনেত্রীর হাতে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার করা হবে। এর মধ্য দিয়ে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাভাবনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা থাকবে। তাঁর স্বপ্ন ছিল, দেশে উন্নত রাস্তাঘাট, প্রযুক্তি কিংবা পরিবহন ব্যবস্থা না থাকলেও প্রত্যন্ত অঞ্চলে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে।

মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। দেশের যেসব দুর্গম এলাকায় এখনো আধুনিক প্রযুক্তি বা উন্নত যোগাযোগব্যবস্থা পৌঁছায়নি, সেসব এলাকাতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষরা।

জ/দি





Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত