ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’

ভ্রমণ ডেস্ক

ভ্রমণ

2026-11-12T16:51:55+06:00
2026-11-12T16:51:55+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
ভ্রমণ
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’
ভ্রমণ ডেস্ক
⏲ ৪:৫১ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিদেশি পর্যটক ও নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের জটিলতা কমিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমানোই এ সংস্কারের মূল লক্ষ্য।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে দেশটির ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হয়েছে।

নতুন নিয়মে প্রচলিত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু করা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এই ভিসার আওতায় থাকবে।

ভিজিটর ভিসা দুই ধরনের-ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এ সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ক্ষেত্রেও পৃথক ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এ উদ্যোগ যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এ ভিসার কার্যকারিতা নির্ধারণ করা হবে।

ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২-এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি উদ্যোগ পরিচালনার জন্য বি-১ ভিসা ব্যবহার করা যাবে। অন্যদিকে বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসার সুবিধা পাওয়া যাবে। এ শ্রেণিতেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করতে ই-ভিসা ব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।

সংশোধিত কাঠামোয় ভিসার নয়টি মূল শ্রেণি হবে-ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে। সূত্র: এনডিটিভি

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত