নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে সবুজে ঘেরা শান্ত পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের পুরোনো তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ। মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই মসজিদ শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও ধরে রেখেছে তার ঐতিহাসিক আবেদন ও স্বকীয়তা।
মসজিদটি শুধু মুসল্লিদের ইবাদতের স্থান নয়, বরং মুঘল আমলের শিল্পকুশলতা, স্থাপত্যঐতিহ্য ও এ অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭১৭ খ্রিষ্টাব্দে নাসিরের কন্যা এবং দেওয়ান শরিফ খানের স্ত্রী জয়বন বিবি মসজিদটি নির্মাণ করেন। সে সময় বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।
স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। নদী দিয়ে চলাচল করত বড় বড় পালতোলা নৌযান। সেগুলো দেখতে নদীর পাড়ে ভিড় করতেন স্থানীয় মানুষ। ধারণা করা হয়, নৌযান দেখতে মানুষের এমন সমাগমের ঐতিহ্য থেকেই এলাকার নাম হয়েছে পারুলিয়া।
প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত মসজিদটির স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয়। প্রায় পাঁচ ফুট পুরু দেয়াল, মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নামাজের কক্ষের ছাদে রয়েছে দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ।
মসজিদে রয়েছে প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্ব দিকে তিনটি দরজার পাশাপাশি উত্তর ও দক্ষিণ পাশেও প্রবেশের ব্যবস্থা রয়েছে। সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা পুরো প্রাঙ্গণের ভেতরে আছে প্রশস্ত উঠান। উত্তর-পূর্ব কোণে রয়েছে দুটি উঁচু মিনার।
মসজিদের সামনের দেয়ালে খোদাই করা শিলালিপি স্থাপনাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় লেখা ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, দেওয়ান শরিফ খানের সওয়াবের উদ্দেশ্যে জয়বন বিনতে নাসির মসজিদটি নির্মাণ করেন। বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও নির্মাণের সময়কাল ও এর পেছনের ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।
মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে রয়েছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে শায়িত আছেন দেওয়ান শরিফ খান ও তাঁর স্ত্রী জয়বন বিবি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরিফ খান মারা যান। এর পরের বছর মৃত্যুবরণ করেন জয়বন বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে তাঁদের সমাহিত করা হয়।
এ ছাড়া মসজিদ প্রাঙ্গণে সিংহপাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। এসব পুকুর থেকে বর্তমানে যে আয় হয়, তা মসজিদের রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়।
দীর্ঘ ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কাও সামলাতে হয়েছে মসজিদটিকে। ১৯০৪ সালের ভূমিকম্পে এর ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরিফ খানের প্রশাসনিক আবাসনও ধসে পড়ে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও মসজিদটি মূল স্থাপত্যশৈলীর বড় একটি অংশ ধরে রেখেছে। প্রাঙ্গণের পূর্ব পাশে এখনো কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।
ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতে সংস্কারকাজ করা হয়। পরে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় নেওয়া হয় আরও একটি সংস্কার উদ্যোগ।
মসজিদের ইমাম হাফেজ ওয়ালিউল্লাহ বলেন, এখানে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থী আসেন। তাঁদের অনেকের বিশ্বাস, মসজিদটিতে নামাজ ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা আরমান মিয়া জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন।
আরেক স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, তাঁর বাড়ি মসজিদটির পাশের ইউনিয়নে। তাঁদের কাছে এটি ঐতিহ্য ও পবিত্রতার প্রতীক। তিনি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করেন। মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মূল স্থাপনার পাশাপাশি বাইরের মাজারগুলোও সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, মসজিদটি শুধু পলাশ উপজেলার নয়, বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এর নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় চার শতাব্দীর ইতিহাস ধারণ করে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি এটি মুঘল আমলের স্থাপত্যকুশলতা, শিল্পবোধ ও এ অঞ্চলের মুসলিম ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে তাই মসজিদটি কেবল পুরোনো স্থাপনা নয়, অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটানো এক অনন্য নিদর্শন।
জ/দি