দীর্ঘ বিরতির পর আবারও সচল হতে শুরু করেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে দেশটিতে পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। তবে প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় বাকি ৯ জন যেতে পারেননি। কাগজপত্রের জটিলতা কাটলে তারাও মালয়েশিয়া যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে দেশটিতে পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তাদের যাত্রা সম্ভব হয়নি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে তাদেরও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার আহ্বান জানান তিনি। কর্মীদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন হাইকমিশনার।
জ/শা