নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদেরও এগিয়ে আসতে হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান এ আয়োজনের উদ্বোধন করেন। শুক্রবার (২৭ নভেম্বর) প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজনে যোগ দেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে আরও সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।
তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে সরকার পুষ্টিকর খাবার দিচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
এ সময় ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে সরকারের মন্ত্রীরা বলেন, দেশের প্রাণিসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তাঁরা।
জ/শা