প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে মালবোরো কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন বিদেশিরাও।
প্রকৃতির বৈচিত্র্যময় আবহে বাংলার মাঠে-প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধান ঘরে ওঠার পর গ্রামবাংলার ঘরে ঘরে চলে পিঠা-পুলির আয়োজন। সেই উৎসবের ধারাবাহিকতায় কর্মব্যস্ত জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও মেতে ওঠেন পিঠা উৎসবে। বাঙালি সংস্কৃতির এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল উৎসবের মূল উদ্দেশ্য। রঙিন ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা বিভিন্ন ধরনের পিঠার পসরা সাজিয়ে পরিবেশন করেন।
কানাডায় বছরের প্রায় আট মাসই বরফে ঢাকা থাকলেও উৎসবের আয়োজনে ফুটে ওঠে বাংলার লোকজ ভাবনা, প্রকৃতির ঐতিহ্য ও সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ আয়োজনে বাঙালির চিরচেনা আড্ডা এবং শিশু-কিশোর, নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কমিউনিটি সেন্টার পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
প্রবাসের মাটিতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় বাংলা গানও দর্শকদের মুগ্ধ করে। পিঠা উৎসবটির মিডিয়া পার্টনার ছিল ‘প্রবাস বাংলা ভয়েস’ ও ‘ভয়েস অব ক্যালগেরি’।