জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-26T16:38:47+06:00
2026-11-26T16:42:52+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৮ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষের সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ প্রসিকিউশন পক্ষের তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে গতকাল বুধবার মামলার দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার যুক্তি উপস্থাপন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব জবানবন্দির মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে নির্মমতার বিভিন্ন চিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। একই সঙ্গে মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি তুলে ধরে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়েও যুক্তি উপস্থাপন করা হয়।

প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক নির্মম ও ভয়াবহ অপরাধের মামলা দেখেছেন তিনি। তবে জিয়াউল আহসানের মতো কাউকে দেখেননি বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়, জিয়াউল আহসানের নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, রক্ত যেন গায়ে না লাগে, সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। এ ছাড়া সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান আজ কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত