প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবার আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে যারা জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এ অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি। তাঁদের এ অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তাঁর বিশ্বাস।
তিনি বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।
জ/শা