বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-27T19:09:31+06:00
2026-11-27T19:09:31+06:00
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০৯ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনর্গঠনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছেন। সংখ্যায় কম বা বেশি হওয়া কোনো বিষয় নয়। সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।

দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর তাঁরা আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসন এবং জবরদস্তিমূলক পরিস্থিতির মধ্যে ছিলেন। সে সময় পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। আলেম-ওলামাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো জীবনযাপন করতে হয়েছে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে গুলি চালিয়ে শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ ও আলেমদের হত্যা করা হয়েছে। নিহতদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একটি বই প্রকাশের মাধ্যমে ছবি, নাম, ঠিকানা ও পরিচয়সহ অনেকের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বইটি প্রকাশ করেছে এবং এ-সংক্রান্ত একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তবে এখনো সবার নাম-ঠিকানা, পরিচয় এবং কে কোথায় দাফন হয়েছেন, সেই তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য তাঁরা পরামর্শ দিয়েছিলেন এবং দাবিও জানিয়েছিলেন। পরে মামলা করা হয়। সেই মামলার সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ইনশাআল্লাহ, এর বিচার হবে।

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই পক্ষ নানা অনাচার ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত ও বিপন্ন করার চেষ্টা করছে। তবে আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে।

ইজতেমায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী এ বার্ষিক আয়োজনে কয়েক হাজার ওলামা-কিরাম অংশ নেন। শুক্রবার ছিল ইজতেমার দ্বিতীয় দিন। এদিন মাদ্রাসা প্রাঙ্গণে উপচেপড়া ভিড় দেখা যায়।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত