শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন সত্য নয়। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে।
সম্প্রতি ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘নেক্সট’। তাঁর এই এক শব্দের পোস্ট ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন কিয়ারা।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, সিনেমাটির নায়িকা হিসেবে আগেই পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ফলে ‘মহব্বত’-এ কিয়ারা আদভানির অভিনয়ের কোনো সম্ভাবনা নেই।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রযোজক আরশাদ আদনান। তিনি জানান, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত। এ সিনেমায় কিয়ারা আদভানি থাকছেন না, সেটিও নিশ্চিত। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে কিয়ারাকে যুক্ত করার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার এই প্রযোজক আগামী বছরের নতুন কোনো কাজের পরিকল্পনা থেকেই কিয়ারাকে নিয়ে ওই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জ/দি