নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রথম ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দেশটির নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের এটিই প্রথম গুরুত্বপূর্ণ যোগাযোগ। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের টানাপোড়েন পেরিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে এ সফরের মাধ্যমে।
আগামীকাল রবিবার দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছানোর কথা ৩৬ বছর বয়সী সাবেক র্যাপার ও রাজনীতিক বালেন্দ্র শাহর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত মার্চে শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় কে পি শর্মা ওলির সরকার। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে ভারতের সহায়তার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
ওই বন্যায় নেপালে এক হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দেশটির সরকারের ধারণা, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন।
ভারত ও নেপালের মধ্যে এক হাজার ৭৫০ কিলোমিটারের বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্কেও দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। তবে সীমান্ত বিরোধ, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির ‘বড় ভাইসুলভ’ মনোভাব নিয়ে কাঠমান্ডুতে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।
২০১৯ সালে ভারতের মানচিত্রে নেপালের দাবিকৃত কয়েকটি ভূখণ্ড অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। পরে নেপালও নিজেদের মানচিত্রে ওই অঞ্চলগুলো যুক্ত করে। এবারের সফরে সীমান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাব তোলা হতে পারে বলে আশা করছেন নেপালের বিশ্লেষকেরা।
অর্থনৈতিক সম্পর্কেও রয়েছে বড় সম্ভাবনা। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি হলেও এতে ভারতের পাল্লাই ভারী। নেপালের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশ ভারত। পাশাপাশি জলবিদ্যুৎ খাতেও সহযোগিতা বাড়ছে। নেপাল থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত। ভারতের মাধ্যমে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল।
ভারত সফরের আগে গত ১৫ নভেম্বর ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলকে ১১ দিনের সফরে চীনে পাঠিয়েছেন বালেন্দ্র শাহ। বিশ্লেষকদের মতে, দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে নতুন সরকারের অভিজ্ঞতা নিয়ে সমালোচনাও রয়েছে। নেপালের রাজনৈতিক বিশ্লেষক কানক মণি দীক্ষিতের মতে, কূটনীতির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও বিচক্ষণতার ঘাটতি নতুন নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে। সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগও উঠেছে।
বিশ্লেষকদের মতে, ভারত সফরে পুনর্গঠন সহায়তাসহ দিল্লির কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারাই হবে বালেন্দ্র শাহর সবচেয়ে বড় সাফল্য। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বাড়তে থাকা সমালোচনা মোকাবিলায়ও সফরের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: বিবিসি
জ/দি