২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বিষয়টি নজরে নেওয়ার কথা জানিয়েছে ভারত। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটি। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে নয়াদিল্লি বরাবরই সমর্থন দিয়ে আসছে। এ লক্ষ্যে ভারত ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পাঁচ দফায় ত্রাণ সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহযোগিতা করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে রায় দেন, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন। দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এ রায়কে স্বাগত জানিয়ে একে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে।
এদিকে ব্রিফিংয়ে চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল জানান, বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত নিজস্ব মূল্যায়ন দেবে।
ম্যানিলায় কোয়াড সম্মেলন ও এর সভাপতিত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সমুদ্রসীমা নজরদারি এবং সাইবার নিরাপত্তায় যৌথ সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ভোটার তালিকা নিয়ে মার্কিন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)-এর অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারত। সূত্র: এনডিটিভি
জ/দি