পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান সাংবাদিকতার ব্যস্ততা, প্রতিদিনের সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের চাপের বাইরে একজন সাংবাদিকের রয়েছে আরেকটি সৃজনশীল জগৎ। সেই জগতের বিকাশ এবং লেখকসত্তার স্বীকৃতি দিতে এবার ২৬ সাংবাদিককে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘অল ক্রাইম টিভি-ডিআরইউ লেখক সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের শুধু সংবাদ তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখিতেও তাঁদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এতে সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁদের দায়বদ্ধতার পাশাপাশি মননশীলতারও বিকাশ ঘটবে।
সংগঠনের সদস্য সাংবাদিকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং তাঁদের সৃজনশীল কাজের স্বীকৃতি দিতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আয়োজিত এই সম্মাননাঅনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৬ জন সাংবাদিকের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এ স্বীকৃতি সাংবাদিকদের নিয়মিত সাহিত্যচর্চায় উৎসাহিত করবে এবং ডিআরইউর সদস্যদের মধ্য থেকে নতুন লেখক তৈরির পথ সুগম করবে।
সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন— তৌহিদুর রহমান, জীবন ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, মোরসালিন আহমেদ, আসিফ হাসান নবী, মুহাম্মদ নূরে আলম, এম এম বাদশাহ্, এম এম রাশেদ রাব্বি, আমিনুল হক ভূঁইয়া (ঋদি হক), হাসান হাফিজ, আবু আলী, রকিবুল ইসলাম মুকুল, প্রণব কুমার মজুমদার, সাঈদ আহমেদ খান, ইবরাহীম খলিল, সিরাজুল ইসলাম কাদির, জামশেদ নাজিম, কুদরাত-ই-খোদা, ইমরুল কায়েস, ইমরান উজ-জামান, আমিরুল মোমেনীন মানিক, মুহম্মদ মিজানুর রহমান (মিজান রহমান), জহিরুল ইসলাম, নির্মল চক্রবর্তী, সারওয়ার বাবর চৌধুরী ও শামসুজ্জামান শামস।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আস্থা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যানের পক্ষে নুসরাত সুলতানা, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ মিজান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
এ সময় ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।
বক্তারা মনে করেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পাশাপাশি সাহিত্যচর্চা সাংবাদিকদের চিন্তা, মনন ও প্রকাশভঙ্গিকে সমৃদ্ধ করে। তাই কর্মব্যস্ততার কারণে সৃজনশীল লেখালেখি যেন হারিয়ে না যায়, সে জন্য প্রাতিষ্ঠানিকভাবে এমন উদ্যোগ নিয়মিত চালু রাখা প্রয়োজন। তাঁদের মতে, ২৬ সাংবাদিককে দেওয়া এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং সাংবাদিক সমাজে সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিসর বিস্তারেরও একটি উদ্যোগ।
জ/বা