রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বিষয়টি আজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ অবস্থায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯(২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জ/দি