জয়পুরহাটের পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা থানা রোডে অবস্থিত পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০-৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন ‘দিশারী ফার্নিচারের’ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সাইদার ইসলাম উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের তছির উদ্দিনের পুত্র। পরে আগুন দ্রুত ছড়িয়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে লাগে এবং দোকানের মধ্য ২০-৩০ টি গ্যাস সিলিন্ডার মজুত ছিলো ও কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছিল বলে জানা যায়। এতে দুটি দোকানের আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়দের দাবি, আগুনে দিশারী ফার্নিচার দোকানের প্রায় ৪০-৪৫ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, মুদির দোকানে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যদের দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে বিলম্ব হয়। তাঁদের অভিযোগ, এ বিলম্বের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।