দেশের সব মানুষের জন্য সমতা ও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মানবপাচার রোধে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত ‘জিএসজি গ্লোবাল ডে-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নে কাজ করছে সরকার। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রিন এনার্জিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শামা ওবায়েদ জানান, দেশের বেশ কয়েকটি জেলা থেকে মানবপাচারের প্রবণতা বেশি। এ সমস্যা প্রতিরোধে জনশক্তিকে দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। দিনব্যাপী এ আয়োজনে ছিল জার্নাল প্রকাশনা, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জ/দি