নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-11-09T12:31:04+06:00
2026-11-09T12:31:04+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩১ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা এক চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’

আইনজীবীদের মাধ্যমে হাইকমিশনে পাঠানো ওই চিঠিটি রয়টার্স দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা’ অনুসরণ করে আবেদনটি জরুরি ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশত্যাগের পর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এটিই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। তাঁর সহযোগীদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, গত বছরের নভেম্বরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত