শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির উপদ্রবে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকেরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পাল কখন আক্রমণ করে, সেই আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন তাঁরা। এতে একদিকে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা, অন্যদিকে ফসল ও জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবার আমন ধানের আবাদ করেছেন কৃষকেরা। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। এ সময় সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয় ও ফসলি জমিতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ধানখেতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হাতির দল।
হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার করা ও মশাল জ্বালানোর মতো নানা কৌশল অবলম্বন করছেন তাঁরা। তবে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়াও ব্যয়বহুল হয়ে উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, সারা বছরের পরিশ্রমের ফসল হাতির পালের আক্রমণে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই লোকসান কিছুটা মেনে নিয়েই বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন তাঁরা। এতে ধানের স্বাভাবিক ফলন ও গুণগত মান দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা মো. আব্দুল করীম জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ প্রদান এবং মানুষ ও বন্যহাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সমন্বিত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, একদিকে বন্যহাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি-এ দুইয়ের সংঘাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন-জীবিকায়। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।