সদ্য শূন্য ঘোষণা করা কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
ইসি আব্দুর রহমানেল বলেন, ‘কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো তফসিল তৈরি করেনি। আগামীকাল আমাদের আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব।’
নির্বাচনের সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছে কমিশন।
তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।’
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জ/দি