ডিসেম্বরকে ঘিরে দেশজুড়ে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়ক ও নৌপথে হামলা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে বিচ্ছিন্ন করা এবং ঢাকায় আকস্মিক জমায়েতের পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মুঠোফোনের কথোপকথন, বার্তা ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে এমন পরিকল্পনার তথ্য মিলেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে গত সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর অনুসারীরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা সৃষ্টির পেছনেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনায় গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকাতেই ২৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নাশকতার অর্থ আসছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন। কোথাও অর্থের বিনিময়ে লোক ভাড়া করে, আবার কোথাও দলীয় নেতা-কর্মীরা সরাসরি নাশকতায় অংশ নিচ্ছেন। হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে রাজনৈতিকভাবে আলোচনায় থাকাই তাঁদের অন্যতম উদ্দেশ্য বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না।’ নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।
গোপালগঞ্জ ঘিরে বিশেষ নিরাপত্তা : নিরাপত্তার সবচেয়ে বেশি নজর এখন গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে। গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের পর গত রোববারও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। নাশকতা ঠেকাতে সেখানে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও বিপুলসংখ্যক এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই চার জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝুঁকি বিশ্লেষণ করেই নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। অন্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে বলপ্রয়োগের ক্ষেত্রে প্রাণহানি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।
রাজধানীতে জমায়েতের আশঙ্কা ; গোয়েন্দা সূত্রের তথ্য, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে নেতা-কর্মীদের সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় হঠাৎ জমায়েতের পরিকল্পনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে প্রাণহানি ঘটলে সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের জেলার পুলিশ সুপারদেরও সতর্ক করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রামপুরা থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মোহাম্মদিয়া হাউজিং থেকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং নীলফামারীর সৈয়দপুর থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছেন শিক্ষকেরা। তাঁরা বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় সরকারকে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ নাশকতা ঠেকানোর পাশাপাশি আইনবহির্ভূত পদক্ষেপ এড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পুলিশের দাবি, ডিসেম্বরজুড়ে বাড়তি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন বড় চ্যালেঞ্জ- রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা ও জনজীবন বিপর্যস্ত করার যেকোনো চেষ্টা আগেই প্রতিহত করা।
জ/বা