রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।
এসআরবি-২ জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে তারা জানতে পারে, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত তিন ব্যক্তি রাজধানীর মোহাম্মদপুরের ওই এলাকায় অবস্থান করছেন। তাঁরা ওই এলাকার বাসিন্দা নন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আগেই তাঁদের আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
প্রাথমিক তথ্যানুসন্ধানে সংস্থাটি জানতে পেরেছে, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাঁদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে এসআরবি-২।
সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।
এসআরবি-২ আরও জানায়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
জ/দি