পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। তার প্রতারণা ও বিভ্রান্তির কারণে বহু মানুষ ঈমান হারাতে পারে। এই ভয়াবহ ফিতনা থেকে সুরক্ষার জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতকে বিশেষ একটি আমলের নির্দেশ দিয়েছেন। তা হলো পবিত্র কোরআনের সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা।
ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনের অন্যতম ফজিলতপূর্ণ আমল হিসেবে সূরা কাহাফ তিলাওয়াতের কথা বলা হয়। তবে এ সূরার গুরুত্ব শুধু জুমার দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার বিষয়েও হাদিসে এর বিশেষ তাৎপর্য তুলে ধরা হয়েছে।
সহিহ মুসলিমে হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮০৯)
অর্থাৎ দাজ্জালের ভয়াবহ প্রতারণা থেকে আত্মরক্ষার জন্য সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আয়াতগুলোর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ।
সহিহ মুসলিমের ২৯৩৭ নম্বর হাদিসেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। সেখানে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সাক্ষাৎ পাবে, সে যেন তার সামনে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে।
অন্যদিকে, সূরা কাহাফের শেষ ১০ আয়াত সম্পর্কেও কিছু বর্ণনা পাওয়া যায়। তবে এ বিষয়ে বর্ণিত হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। প্রথম ১০ আয়াত মুখস্থ করার বর্ণনাটি সহিহ মুসলিমে সুপ্রতিষ্ঠিত।
তাই জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াতের পাশাপাশি এর প্রথম ১০ আয়াত মুখস্থ করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। একই সঙ্গে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
জ/দি