কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে বলেও সতর্ক করেছেন তিনি।
গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ সুদাইস। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুতবায় তিনি বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠস্বর নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের অন্তর্ভুক্ত।
শায়খ সুদাইস বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা কিংবা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর উদ্দেশ্যে কাজে লাগানো উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর, ছবি বা ভিডিও শেয়ার করার আগে সেগুলোর সত্যতা যাচাই করার আহ্বানও জানান তিনি। তাঁর সতর্কবার্তা, যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়ালে গুজবের বিস্তার ঘটতে পারে, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে এবং সমাজে আস্থার সংকট তৈরি হতে পারে।
জ/শা