আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক?

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

2026-11-11T01:39:16+06:00
2026-11-11T01:39:16+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক?
ধর্ম ডেস্ক
⏲ ১:৩৯ এএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
আজান শুনলেই অনেক মুসলিম নারী মাথায় কাপড় টেনে নেন। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত এই অভ্যাসকে অনেকে ধর্মীয় বাধ্যবাধকতা বলেও মনে করেন। তবে ইসলামী শরিয়তে আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখার কোনো বিশেষ নির্দেশনা আছে কি না, কিংবা এ সময় মাথায় কাপড় না দিলে গুনাহ হবে কি না-তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, আজান শোনার সঙ্গে সঙ্গে নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। এ সময় মাথা ঢেকে না রাখলে গুনাহ হবে-এমন কোনো বিধানও নেই। তবে গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের মাথা ও শরীরের আবশ্যক অংশ ঢেকে রাখা জরুরি। অর্থাৎ, মাথা ঢাকার বিষয়টি আজানের সঙ্গে সম্পর্কিত নয়; বরং এটি নারীদের পর্দার বিধানের অন্তর্ভুক্ত।

পবিত্র কোরআনের সুরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, তোমার মেয়েদের আর মুমিনদের নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে এবং তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’

এই আয়াতে ‘জিলবাব’ শব্দটি ব্যবহৃত হয়েছে। জিলবাব বলতে এমন ঢিলেঢালা চাদর বা বাইরের পোশাক বোঝায়, যা দিয়ে নারীরা নিজেদের শরীর আবৃত করেন।

নারীদের পর্দার বিষয়ে পবিত্র কোরআনের সুরা নুরের ৩১ নম্বর আয়াতেও নির্দেশনা রয়েছে। সেখানে মুমিন নারীদের দৃষ্টি সংযত রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করা এবং ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা।

কোরআনের এসব নির্দেশনা থেকে বোঝা যায়, গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের পর্দা রক্ষা করা ইসলামের বিধান। তবে এর সঙ্গে আজানের সময় বিশেষভাবে মাথায় কাপড় দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে ‘আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক কি না’-এমন প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের মাথা ঢেকে রাখা এবং নিজেদের সৌন্দর্য আবৃত রাখা জরুরি। তবে বাসাবাড়িতে অবস্থান কিংবা প্রয়োজনীয় কাজের মধ্যে থাকা অবস্থায় আজান শুনে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। আজানের সঙ্গে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, যেসব পুরুষের সামনে নারীদের পর্দা করা আবশ্যক, তাঁরা সামনে এলে মাথা ঢেকে রাখতে হবে।

একই বিষয়ে ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘মুসলিম বাংলা’য় দেওয়া এক প্রশ্নের উত্তরে শাইখ উমায়ের কোব্বাদীও ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট কোনো আমল নয়; বরং নারীদের পর্দার বিধান অনুযায়ী মাথা ঢেকে রাখা উচিত।

তবে কোনো নারী বাসায় অসতর্ক অবস্থায় মাথায় কাপড় না পরে থাকলে আজানের সময় সতর্ক হয়ে মাথায় কাপড় টেনে নেওয়া তাঁর আল্লাহভীতির প্রকাশ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামি বিধান অনুযায়ী, আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। এ সময় মাথা খোলা থাকলে গুনাহ হবে-এমন কোনো বিধানও নেই। তবে গায়রে মাহরাম পুরুষের সামনে অবশ্যই পর্দার বিধান মেনে মাথা ও শরীর আবৃত রাখতে হবে।

আজানের প্রতি সম্মান ও ধর্মীয় অনুভূতি থেকে কোনো নারী মাথায় কাপড় দিলে তা তাঁর ব্যক্তিগত অভ্যাস ও শালীনতার প্রকাশ হতে পারে। তবে এটিকে বাধ্যতামূলক ধর্মীয় বিধান কিংবা আজান-সংশ্লিষ্ট বিশেষ আমল হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত