সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ রুলের জবাব দিতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত রাখার নির্দেশনাও চেয়েছিলেন তিনি।
পরে ২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।
এরপর গত ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। এর ধারাবাহিকতায় বুধবার আদালত রুল জারি করেন।
জ/দি