পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমের সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে, গতকাল রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি।
অন্যদিকে, রোববার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট হয়ে উঠেছে।
শীতের মৌসুম এখনো পুরোপুরি শুরু না হলেও ক্রমাগত তাপমাত্রা কমতে থাকায় পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় রোদের উষ্ণতায় আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত বাড়ে। ভোর পর্যন্ত কুয়াশা দেখা যায়। এ সময় অনেকে শীতের পোশাক পরতে শুরু করেছেন। তবে দিনের বেলায় রোদের কারণে শীতের অনুভূতি অনেকটাই কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।