গাজায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-09T14:32:31+06:00
2026-11-09T14:32:31+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
গাজায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ২:৩২ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
শীতের আগমনের সঙ্গে ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে ৭০ হাজারের বেশি তাঁবু। নষ্ট হয়েছে বিছানা, কম্বল, কার্পেট ও খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পর্যাপ্ত আশ্রয়ের অভাবে লাখো ফিলিস্তিনিকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি শুরু হয়। এতে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে গেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও জলাবদ্ধতার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে একটি তাঁবুতে বসবাস করেন ৭০ বছর বয়সী জাবের আল-কাসিহ। শনিবার রাতে ভারী বৃষ্টির পানি তাঁদের তাঁবুতে ঢুকে পড়লে পরিবারের সবাই ঘুম থেকে উঠে যান। পানিতে ভিজে নষ্ট হয় বিছানা, কম্বল, কার্পেট ও সামান্য মজুত করে রাখা খাবার।

জাবের বলেন, বৃষ্টির পানিতে পুরো তাঁবু ডুবে যাওয়ায় পরিবারের সদস্যদের রাতভর জেগে থাকতে হয়েছে। এ সময় আশপাশের প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁরা।

তিনি জানান, গত শীতেও তাঁদের আশ্রয়শিবির তিন থেকে চারবার পানিতে প্লাবিত হয়েছিল। তবে এবার পরিস্থিতি আরও খারাপ। অধিকাংশ তাঁবু ছিঁড়ে গেছে এবং কাদায় ঢেকে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও গাজায় প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ হাজার অস্থায়ী মোবাইল বাড়ি এবং দুই লাখ তাঁবু। তবে অনুমোদন দেওয়া হয়েছে মাত্র ২০ হাজার তাঁবুর। অন্যদিকে, অনেক মোবাইল বাড়ি দুই বছরের বেশি সময় ধরে মিসর সীমান্তের পাশে আটকে রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে গাজায় অস্থায়ী আবাসন, তাঁবু এবং ধ্বংসস্তূপ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি প্রবেশের কথা ছিল। কিন্তু এসব সরঞ্জাম সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু এবং ৫ লাখ ৬১ হাজার ত্রিপলের প্রয়োজন। কিন্তু বর্তমানে মজুত থাকা সামগ্রীর পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম।

উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আজ-জাওয়াইদায় আশ্রয় নেওয়া নারী ওম হানি হামুদা জানান, বৃষ্টির প্রথম ধাক্কাতেই তাঁদের তাঁবুর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এসব তাঁবু শীত, ঝড় কিংবা বৃষ্টি থেকে কোনো ধরনের সুরক্ষা দিতে পারছে না।

তিনি বলেন, যুদ্ধবিরতির পর পরিবারের জন্য একটি মোবাইল বাড়ি কিংবা অন্তত ভালো কোনো আশ্রয়ের ব্যবস্থা হবে বলে আশা করেছিলেন। কিন্তু এখনো তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না।

হামুদার ভাষায়, তাঁরা শুধু একটি মর্যাদাপূর্ণ জীবন চান। পুরোনো তাঁবুর পরিবর্তে একটি সাধারণ মোবাইল বাড়ি পেলেও তাঁদের জন্য অনেক স্বস্তির হতো।

যুদ্ধের সময় তাঁর পরিবারকে প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হতে হয়েছে। আগের স্বাভাবিক জীবনের কথা মনে করে তাঁর সন্তানেরা কান্নাকাটি করে বলেও জানান তিনি।

গাজায় বাস্তুচ্যুত মানুষের দুর্দশার আরেকটি চিত্র তুলে ধরেছেন ৫১ বছর বয়সী জিহাদ দাওয়াস। ভারী বৃষ্টিতে তাঁদের তাঁবুতে পানি ঢুকে পড়ায় সন্তানদের শুকনো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করতে পারেননি তিনি। ঝোড়ো বাতাসে আশপাশের অনেক তাঁবুও উড়ে গেছে।

দাওয়াস জানান, বৃষ্টির পানিতে বিছানা ও প্লাস্টিকের আবরণ ভিজে যাওয়ায় তাঁর সন্তানদের দাঁড়িয়ে ঘুমাতে হয়েছে। পরদিন সকালে ঠান্ডা ও ঝড়ের কারণে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।

নিজের সাত সন্তান এবং ভাইয়ের এতিম তিন সন্তানকে নিয়ে আশ্রয়শিবিরে বসবাস করছেন তিনি। নিজের অর্থে তাঁবু কিনলেও কোনো দাতব্য সংস্থা বা সহায়তা কর্মসূচি থেকে এখনো তাঁবু পাননি বলে অভিযোগ করেন দাওয়াস।

তিনি বলেন, একটি তাঁবু কখনো বাড়ির বিকল্প হতে পারে না। তাঁদের জীবন এখন অবশিষ্ট যা আছে, তা নিয়েই টিকে থাকার সংগ্রামে পরিণত হয়েছে।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদু আলজাজিরাকে বলেন, বিপুলসংখ্যক তাঁবু, মোবাইল বাড়ি, অস্থায়ী আবাসন ও আশ্রয় সরঞ্জাম ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার সীমান্তে আটকে রয়েছে।

তাঁর মতে, ১৫ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পুরোনো ও ক্ষতিগ্রস্ত তাঁবুতে আরও একটি শীত পার করার ঝুঁকিতে রয়েছেন। এমনকি যাঁরা বাড়ি বা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন, তাঁরাও নিরাপদ নন। কারণ গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কাঠ ও জরুরি আশ্রয় সরঞ্জামের চালান প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। ফলে অনেক পরিবার নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে সেখানে বসবাসের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

রামি আবদু বলেন, দখলদার শক্তি হিসেবে চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক মানুষের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা এবং মানবিক সহায়তা প্রবেশে সহযোগিতা করা ইসরায়েলের আইনি দায়িত্ব। সূত্র: আলজাজিরা


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত