ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গাজার ৭০ হাজার তাবু

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে গাজার ৭০ হাজার তাঁবু তলিয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সরঞ্জামের সংকট জরুরি উদ্ধার তৎপরতাকে কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কয়েক ডজন দেয়ালও ধসে পড়েছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে জানিয়েছে তারা।

2026-11-08T19:19:55+06:00
2026-11-08T19:19:55+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গাজার ৭০ হাজার তাবু
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১৯ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে গাজার ৭০ হাজার তাঁবু তলিয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সরঞ্জামের সংকট জরুরি উদ্ধার তৎপরতাকে কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কয়েক ডজন দেয়ালও ধসে পড়েছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে জানিয়েছে তারা।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, ইসরায়েলের আগের হামলায় ক্ষতিগ্রস্ত দুটি ভবনের দেয়াল ধসে এবং ঝড়ের সময় পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সিটি পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না বলেন, যেসব পরিবারের তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের থাকার আর কোনো জায়গা নেই।

তিনি জানান, গাজা সিটির মোট আয়তনের প্রায় ৩০ শতাংশ এলাকায় প্রায় ১০ লাখ বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে বসবাস করছেন। ইসরায়েলের যুদ্ধে বিধ্বস্ত অবকাঠামোর ওপর এতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

মুহান্না বলেন, ১২ ঘণ্টায় গাজা সিটিতে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা শহরটির বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ১৫ শতাংশ। প্রবল বাতাসে কিছু তাঁবু উড়ে গেছে, ছিঁড়ে গেছে আরও অনেক তাঁবু। বৃষ্টির পানিতে আশ্রয়শিবিরগুলোও তলিয়ে গেছে।

তার ভাষ্য, জলাবদ্ধ সড়ক, ভূমিক্ষয় ও পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে পৌর কর্তৃপক্ষের কর্মীরা ২৫০টি ফোন পেয়েছেন। সীমিত সামর্থ্য নিয়ে বেশির ভাগ সমস্যার সমাধানে কাজ করেছেন তাঁরা।

মুহান্না সতর্ক করে বলেন, গাজা সিটির ২৭০টি শিবির ও আশ্রয়কেন্দ্র বন্যার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে শহরের পানি নিষ্কাশনব্যবস্থার সক্ষমতা কমে ২০ শতাংশে নেমে এসেছে। ফলে নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বৃহস্পতিবার জানিয়েছে, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের আশ্রয় ও অন্যান্য জরুরি সামগ্রী প্রয়োজন। জুন মাসে পরিচালিত জরিপের বরাতে সংস্থাটি জানায়, এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশ। তাদের মধ্যে ৫৮ শতাংশ মানুষের আশ্রয়ের প্রয়োজন অত্যন্ত সংকটাপন্ন বা বিপর্যয়কর পর্যায়ে রয়েছে।

অক্টোবরে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর সতর্ক করে জানায়, গাজার ৯ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি এমন বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছেন, যেগুলো মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যাঝুঁকিতে রয়েছে। তাঁদের মধ্যে ৪ লাখের বেশি মানুষ উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে গাজার বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও আশ্রয় ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা এখনো পাওয়া সহায়তার তুলনায় অনেক বেশি। অস্থায়ী আবাসন নির্মাণ ও বাড়িঘর মেরামতের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ অব্যাহত থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।



জ/বা


  বিষয়:   আন্তর্জাতিক  গাজা  ফিলিস্তিন  বৃষ্টি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত