কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে আদর্শ মানেন সারা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-07T19:01:38+06:00
2026-11-07T19:01:38+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে আদর্শ মানেন সারা
বিনোদন ডেস্ক
⏲ ৭:০১ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা আবারও প্রকাশ্যে এসেছে। করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের আদর্শ ও নায়ক বলে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী খান। অন্যদিকে কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ আখ্যা দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বাবার ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি কারিনার অভিনয়ের প্রতিও মুগ্ধতা জানিয়েছেন সারা আলী খান।

অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সাইফ ও কারিনা। এ সময় সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিম তাঁদের বাবা এবং কারিনাকে উদ্দেশ করে ভিডিও বার্তা পাঠান।

ইব্রাহিমের বার্তায় উঠে আসে বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা। জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য সাইফকে নিজের আদর্শ হিসেবে দেখেন তিনি। বাবার শারীরিক অসুস্থতা, আঙুলে আঘাত এবং বান্দ্রার বাসায় ছুরিকাঘাতের ঘটনাও স্মরণ করেন ইব্রাহিম।

ভিডিও বার্তায় সাইফ ও কারিনাকে উদ্দেশ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। বাবা, তুমি আমার আদর্শ, আমার নায়ক। তবে শুধু তুমি কে, সেটাই বড় কথা নয়; জীবনে কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছ, সেটাই আমাকে বেশি অনুপ্রাণিত করে। জীবনের অনেক ভালো সময় যেমন এসেছে, তেমনি কঠিন সময়ও পার করতে হয়েছে। হার্ট অ্যাটাক, আঙুলে আঘাত, ছুরিকাঘাতসহ অনেক কিছু। এসব কারণেই তুমি আমার নায়ক। সব সময়ই থাকবে।’

কারিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইব্রাহিম আরও বলেন, ‘আর বেবো, তোমাকে বলতে চাই, তুমি সবচেয়ে ভালো সৎমা। সব সময় পাশে থেকেছ। এ জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক ভালোবাসা। আর অনুষ্ঠানের পুরস্কারটি কে পাবে? আমার মনে হয়, বাবা।’

অন্যদিকে নিজের ভিডিও বার্তায় বাবা সাইফের ব্যক্তিত্বের প্রশংসা করেন সারা আলী খান। একই সঙ্গে কারিনা কাপুর ও করণ জোহরের জুটির প্রতি নিজের ভালো লাগার কথাও জানান তিনি। বিশেষ করে করণ পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় কারিনার অভিনীত ‘পু’ চরিত্রটি যে ছোটবেলা থেকেই তাঁর প্রিয়, তা উল্লেখ করেন সারা।

সারা বলেন, ‘হ্যালো বাবা, হ্যালো কারিনা। আশা করি, তোমরা দারুণ সময় কাটাচ্ছ। আব্বা, তোমার মধ্যে আভিজাত্য, ব্যক্তিত্ব ও স্টাইলের দারুণ সমন্বয় রয়েছে। কারিনা কাপুর ও করণ জোহরের জুটি আমার শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। “পু” আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তোমাদের পর্বটি দেখার অপেক্ষায় আছি।’

অনুষ্ঠানে সাইফ ও কারিনা তাঁদের ছোট দুই ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খানের সঙ্গে বড় ভাই ইব্রাহিমের সম্পর্ক নিয়েও কথা বলেন। কারিনা জানান, ছোট দুই ছেলে ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তাকে অনুসরণ করে। তাদের সঙ্গে সময় কাটানোর জন্য ইব্রাহিমও আন্তরিকভাবে চেষ্টা করে।

সাইফও ছোট ভাইদের প্রতি ইব্রাহিমের ভালোবাসার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ইব্রাহিম মাঝেমধ্যে তাঁদের ঘরে গিয়ে খোঁজখবর নেয়, বিভিন্ন বিষয়ে কথা বলে এবং নিজের মতো করে ছোট ভাইদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে।

সারা ও ইব্রাহিমের ভিডিও বার্তায় সাইফ ও কারিনার প্রতি তাঁদের ভালোবাসার পাশাপাশি পরিবারের সদস্যদের পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতার চিত্র ফুটে উঠেছে। সূত্র: বলিউড হাঙ্গামা

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত