ভূত-প্রেতের সাজ, ভয়ংকর মুখোশ, ট্রিক-অর-ট্রিট আর কুমড়ার বাহারি আয়োজন-সব মিলিয়ে ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্যাপিত হয় হ্যালোইন উৎসব। প্রতিবছরের মতো এবারও উৎসবের আমেজে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রের একটি কুমড়ার বাগানে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিগুলোতে তাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি ফার্মে দেখা যায়। সেখানে চারপাশে সাজানো অসংখ্য কমলা রঙের কুমড়ার মধ্যে আনন্দঘন সময় কাটিয়েছেন অভিনেত্রী।
একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন স্পর্শিয়া। অন্য একটি ছবিতে গাড়ির ভেতর থেকে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ছবিতে তাঁর মাথার দুই পাশে সাদা রেখা দিয়ে শিংয়ের মতো নকশাও দেখা যায়, যা হ্যালোইনের আবহকে আরও ফুটিয়ে তুলেছে।
এদিন অভিনেত্রীর পরনে ছিল শীতের উপযোগী সাদা জ্যাকেট ও সোয়েটার। কুমড়ার বাগানের পাশাপাশি ছবিগুলোতে দেখা গেছে ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজানো বোর্ড, পাপেট এবং সূর্যমুখী ফুলের বাগান। ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শরৎকালে হ্যালোইন উপলক্ষে ‘পাম্পকিন প্যাচ’ বা কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। এসব বাগানে সারি সারি কুমড়া সাজিয়ে রাখা হয়। দর্শনার্থীরা সেখান থেকে পছন্দের কুমড়া বেছে নেন, ছবি তোলেন কিংবা উৎসবের সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন।
হ্যালোইনের অন্যতম পরিচিত রীতি হলো কুমড়া খোদাই করে তাতে চোখ-মুখের নকশা তৈরি করে ভেতরে আলো জ্বালানো। এই সাজসজ্জা ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ নামে পরিচিত। স্পর্শিয়ার প্রকাশিত ছবিতেও উঠে এসেছে হ্যালোইনের সেই কুমড়াকেন্দ্রিক আয়োজন ও উৎসবের আনন্দ।
জ/উ