দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়ে একাদশ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে চোট পান তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
মিরপুরের উইকেটের সুবিধা কাজে লাগাতে তিন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে রয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে চলতি চক্রে বাকি ছয়টি টেস্টের মধ্যে অন্তত চারটিতে জয় প্রয়োজন টাইগারদের।
তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দীর্ঘমেয়াদি হিসাব কিংবা ফাইনালে ওঠার চাপ নিয়ে ভাবছেন না তাঁরা। আপাতত দলের মূল লক্ষ্য মিরপুর টেস্টে জয় পাওয়া।
অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে ফাইনালে ওঠার কোনো সমীকরণ নেই। তবে সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই দলটির প্রধান লক্ষ্য।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
জ/শা