দেশের সব মাদরাসার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কৌশলে মাদরাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে। সরকারি আলিয়া মাদরাসাগুলোতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রমও সংকুচিত করা হয়েছে।
পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারীদেরও পবিত্র কোরআনের হাফেজ হয়ে ওঠাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১ হাজার ৭৫৭ জন কোরআনের হাফেজ ও তাঁদের বাবা-মাকে পুরস্কৃত করা হয়। এ সময় শিক্ষার্থীরা কোরআনের আলোকে জীবন পরিচালনা এবং নিয়মিত কোরআন চর্চার শপথও পাঠ করেন।
জ/উ