বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। রোববার (২৫ অক্টোবর) তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শনিবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) সংসদীয় স্টেট সেক্রেটারি বা ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার এ সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে এবারের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। দ্বিপক্ষীয় আলোচনায় জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
দীর্ঘদিন ধরে জার্মানি বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জার্মান দূতাবাস।
সফরসূচি অনুযায়ী, ড. কফলার বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে জার্মানির সহায়তায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।
এ ছাড়া সফরকালে ঢাকায় জার্মান দূতাবাস আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জ/উ