আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। তাদের মধ্যেই রয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সম্প্রতি জারি করা ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং ফটোসেশনে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গভবন এবং রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সব সময় সম্মান করতে হবে। সন্তানদের জন্য বাবা-মায়ের ত্যাগের কথা মনে রেখে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি কেবল একটি ভবন নয়; বরং রাষ্ট্রের প্রতীক এবং ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে আনা হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন, রাষ্ট্র এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ