সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় (পুরুষ) বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।
গতকাল বিগ ব্যাশ লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে।
বিগ ব্যাশে ডাক পাওয়ার কারণে বিসিবির আয়োজিত ‘ডি থ্রি’ আসরের সব সংস্করণে খেলতে পারবেন না মোস্তাফিজ। তাঁকে কেবল ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে। আজ নিলামে ৭০ লাখ পয়েন্টের (ভার্চুয়াল পয়েন্ট সিস্টেম) বিনিময়ে তাঁকে দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট। পুরো আসর খেলতে না পারায় তাঁকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি হয়নি।
বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। এবারও তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।
জ/বা