দেশে বিএনপি নতুন স্বৈরাচারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, বিএনপি তা চায় না বলেও দাবি করেছেন তিনি।
আজ সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
সভায় তিনি বলেন, স্বৈরাচারী প্রবণতা শুরুতেই রুখে দেওয়া এবং প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তা করতে ব্যর্থ হলে এর জন্য জনগণকে ভুগতে হবে।
নাহিদ ইসলামের অভিযোগ, ২০০৮ সালের পর আওয়ামী লীগকে শুরুতেই প্রতিরোধ করা সম্ভব হয়নি। এর সুযোগ নিয়ে দলটি দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে, যা ১৬ বছর ধরে চলেছে। বিএনপিও এখন একই কৌশলে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশে ব্যাপক দমন-পীড়ন চলছে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। সাংবাদিকদেরও নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
জ/উ