বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সব সময় দায়িত্বশীল ও সজাগ ভূমিকা পালন করতে হবে। আজ সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তবে গিয়াস কামাল চৌধুরীর মতো মেধাবী, আদর্শনিষ্ঠ ও সাহসী সাংবাদিকদের দৃঢ় ভূমিকার কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
গিয়াস কামাল চৌধুরীর সাংবাদিকতার অবদান স্মরণ করে রিজভী বলেন, পেশাদার সাংবাদিক হিসেবে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো দৃঢ়চেতা ও আপসহীন সাংবাদিক অতীতে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি সব সময় সোচ্চার ছিলেন।
রিজভী আরও বলেন, এত বড় মাপের সাংবাদিক হওয়া সত্ত্বেও গিয়াস কামাল চৌধুরীর মধ্যে অহংকার বা দাম্ভিকতা ছিল না।
গিয়াস কামাল চৌধুরীর রাজনৈতিক চিন্তাধারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শে বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হলেও পরবর্তী সময়ে তিনি জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী হন।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জ/উ