ত্রয়োদশ জাতীয় সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন তিনি।
শনিবার যাত্রাবাড়ী এলাকায় আগামী ৩০ অক্টোবর এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণের আগে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘১৬ বছর পর নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, এর মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ছাড়া জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান নাহিদ ইসলাম।
স্থানীয় সরকার নির্বাচনেও বর্তমান প্রশাসকদের অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের সমালোচনা করে নাহিদ বলেন, ‘ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, তা অবৈধ। সেই প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো বিএনপির পক্ষ থেকে। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জ/শা