গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল করার চেষ্টার সময় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তারা হামলার শিকার হন বলে জানান তিনি।
আজ রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সদস্যসংখ্যা কম থাকায় তাদের ওপর হামলা হয়।
ঘটনার ভিডিও দেখা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে সাজেকের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাজেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ি অঞ্চলে একাধিক সংগঠন এবং এসব সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের পাশাপাশি একই ধরনের নামে আরও কয়েকটি সংগঠন রয়েছে। এসব সংগঠনের বিভক্ত অংশ বা ফ্র্যাকশনও সক্রিয়। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে পাহাড়ের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, প্রতিবছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পাহাড়ের কিছু জায়গা ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এসব সংগঠন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে।
পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীও যথাযথ ব্যবস্থা নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনী আরও ব্যবস্থা নেবে। পাশাপাশি পাহাড়ে শান্তি বজায় রাখতে রাজনৈতিক পর্যায় থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে হেডম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সংসদ সদস্য ওদুদ ভূঁইয়াও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জ/উ