দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সফরে তাঁর সঙ্গে ছিলেন একান্ত সচিব জ্যোতিশ্বর পাল।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
গণঅধিকার পরিষদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন নুরুল হক নুর। এ সময় দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান চুনকো কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওলের (Park Yong-cheol) সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
সফরকালে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের (Korean Printers Association) প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান ও সাকিব হোসাইন এবং দলের প্রচার সম্পাদক আশরাফুল রায়হান। এ সময় গণঅধিকার পরিষদের মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জ/শা