স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখার জন্য অতীতে লড়াই-সংগ্রাম করা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, একটি দল জুলাইয়ের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বাধা দেয়। তাদের কর্মকাণ্ড দেশকে অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে। নিজেদের স্বাধীনতাবিরোধী তকমা আড়াল করতেই তারা এমন কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, গুপ্ত সংগঠনগুলো দেশের অগ্রগতি চায় না।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ ধরনের প্রচেষ্টা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নুর বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সংকটের সময়ে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে।
জ/উ