ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, গীতিকার ও লেখিকা লুয়া ব্লাঙ্কো। গত ১৮ অক্টোবর ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সংবাদমাধ্যম এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন লুয়া ব্লাঙ্কো। গত রোববার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।
সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের মৃত্যুর খবর জানিয়ে ড্যানিয়েল ব্লাঙ্কো লেখেন, “প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোকে হারিয়েছি। তিনি জীবনের শেষ কয়েক মাস ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এই সময়ে তিনি পরিবার ও বন্ধুদের ভালোবাসায় আবদ্ধ ছিলেন।”
লুয়া ব্লাঙ্কো অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জনপ্রিয় টিভি সিরিজ ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে সিরিজটির স্পিন-অফ ব্যান্ডে সংগীত পরিবেশনের মাধ্যমে গায়িকা হিসেবেও খ্যাতি অর্জন করেন।
অভিনয় ও সংগীতের পাশাপাশি গীতিকার ও লেখিকা হিসেবেও কাজ করেছেন এই ব্রাজিলীয় তারকা। মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যুতে ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: এক্সপ্রেস
জ/শা