সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর এলাকা থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল রাসায়নিক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব দ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর এলাকা থেকে J & B ও MARTINI DRUGS লেখা চার বোতল দ্রব্য জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের দাম বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে চার বোতল দ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ বলেন, “সাতক্ষীরার শাখরা সীমান্তে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল দ্রব্য জব্দ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জ/উ