জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার মাকুল গ্রামের মোড়ে অভিযান চালানো হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক শিমুলের নেতৃত্বে অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান চলাকালে মাকুল গ্রামের মোড়ে আজিজুল ইসলামের একটি ওয়ার্কশপের সামনে থেকে এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের মালিপাড়া এলাকার মৃত বানু চন্দ্র মালীর ছেলে শ্রী বিলাশ চন্দ্র মালী (৩৯) এবং একই উপজেলার আলীগ্রাম শিবতলা গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে মো. আলম মণ্ডল (৪৮)।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জ/উ