বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইশরাক হোসেনের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো। তবে তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতের মহানগর শাখা আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধি কিংবা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা উচিত নয়। ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো হলেও অন্যরা এর অপব্যবহার করতে পারেন। তবে তাঁর কাজের সমালোচনা করার কিছু নেই।
মাদক নির্মূলের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘মাদক তো আমরা নির্মূল চাই। আমাদের সংসদে আইন পাস হয়েছে “মাদক নিয়ন্ত্রণ”। আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা নির্মূল চাই।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় মানুষ অতিষ্ঠ। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে সরকার বিরোধী দলকে ঘায়েল করতে ব্যস্ত রয়েছে।
জ/উ